কদমতলীতে চালককে হত্যা, রিকশা ছিনতাই

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তরা ব্যাটরিচালিত একটি রিকশার চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে। হত্যার পর দুর্বৃত্তরা রিকশাটি নিয়ে গেছে। নিহত চালকের নাম সাগর সিকদার। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের ভগ্নীপতি মো. শাহিন জানান, তার শ্যালক সাগর ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। সোমবার রাতে সাগরের ফিরতে দেরি দেখে তার বড় ভাই সুজন সিকদার তাকে একাধিকবার ফোন করেন। সাগরের মোবাইলটি মধ্যে বন্ধ থাকে, আবার খোলা পাওয়া যায়। কিন্তু ফোন রিসিভ হচ্ছিল না। পরে ভোররাতে ফোন রিসিভ করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি জানায়, সাগরকে তারা মারধর করে ঘটনাস্থলে ফেলে রেখেছে। পরে সকালে জানা যায় পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কদমতলী থানার এসআই হরিচাঁদ হাজরা জানান, ঘাতকদের আটক করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। সাগরের বাবার নাম রতন সিকদার। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর গ্রামে। তবে বর্তমানে তিনি যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ থাকতেন। তার স্ত্রী গ্রামের বাড়ি থাকেন।