ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপাতত চলছে না ট্রেন

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:৪৪

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

আজ থেকে সারা দেশে সড়ক, রেল ও নৌযান চলাচল শুরু হলেও ব্যতিক্রম ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ। লকডাউনের শুরু থেকে এই রুটে বন্ধ থাকা ট্রেন আজও চালু হচ্ছে না। কারণ হিসেবে এখন পর্যন্ত দেখানো হয়েছে বিধিনিষেধের বিষয়টি। স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা এর সঠিক ব্যাখ্যা দিতে না পারলেও বিভাগীয় কর্মকর্তারা বলছেন, ক্রমান্বয়ে চালু করা হবে এই রুটের লোকাল ট্রেন। ২০২০ সালে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল।

ছয় মাসের বেশি সময় বন্ধ থাকার পর চালু হয় ট্রেন। তবে সেবার ট্রেন চালু হওয়ার পরপরই দুই বার লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এরপর পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। সেই থেকে এই রুটে বন্ধই রয়েছে ট্রেন চলাচল। এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, আপাতত ১১ আগস্ট থেকে এই রুটে লোকাল ট্রেন চালুর চিন্তা  নেই। বিভিন্ন আন্তঃজেলা ট্রেন চালুর পরে পর্যায়ক্রমে এই রুটের ট্রেন চালু করা হবে। কবে নাগাদ চালু হবে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।