সাভারের অধ্যক্ষ হত্যা

দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২২:০৯

সাভারের আশুলিয়ায় মালিকানা ও কলেজের লভ্যাংশ নিয়ে দ্বন্দ্বের জের ধরে একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় গ্রেফতার তিন জনের মধ্যে এক জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার আশুলিয়া থানা পুলিশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। এর আগে গত সোমবার রাতে র্যাব-৪ আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় ঐ রাতেই মিন্টুর ভাই দীপক চন্দ্র বর্মণ বাদী হয়ে থানায় তিন জনের উল্লেখ করে অজ্ঞাতপরিচয় কয়েক জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আসামিরা হলেন—গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম, একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুর রহিম বাদশা ও পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার ভজনপুর গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে মো. আবু মোতালেব। এদের মধ্যে রবিউল ও রহিম বাদশা সম্পর্কে মামা-ভাগনে। কোর্ট পরিদর্শক মেজবা উদ্দিন আহমেদ জানান, আদালতে রবিউল, বাদশা স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। এছাড়া অপর অভিযুক্ত আবু মোতালেবের সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান। হত্যাকাণ্ডের শিকার মিন্টু চন্দ্র বর্মণ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের শরত বর্মণের ছেলে।