দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এক দিনে কোভিডে মৃত্যুর এটাই সর্বোচ্চ সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬৪ জনকে নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেল। গতকাল পর্যন্ত করোনায় মোট মারা গেলেন ২৩ হাজার ১৬১ জন। এর আগে গত ৬ আগস্ট মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়ায়। সে হিসাবে গত চার দিনে ১ হাজার মানুষের মৃত্যু হলো। এদিকে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯২ জনের মৃত্যু এবং ৫ হাজার ৪৬৮ জন শনাক্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৮ হাজার ৪১৬টি, আর ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪২৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হলো ৮২ লাখ ১২ হাজার ৪১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৬৪ হাজার ১৫১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২১ লাখ ৪৭ হাজার ৮৯০টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৫৪ জন, আর নারী ১১০ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ৩৮৪ জন এবং নারী মারা গেলেন ৭ হাজার ৭৭৭ জন। এক দিনে মৃতদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন পাঁচ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয় জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন শিশু রয়েছে। মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯২ জন, চট্টগ্রাম বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ২৫ জন, খুলনা বিভাগের ২৭ জন, বরিশাল বিভাগের ১১ জন, সিলেট বিভাগের ১৭ জন, রংপুর বিভাগের ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯২ জন, বেসরকারি হাসপাতালে ৬২ জন এবং বাড়িতে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩৫১ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫০৬ জন, রাজশাহী বিভাগে ৫০৮ জন, রংপুর বিভাগে ৩১৫ জন, খুলনা বিভাগে ৭৫৭ জন, বরিশাল বিভাগে ৬৬৯ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৫৯০ জন।
