সিআইডির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, চিত্রনায়িকা পরীমনি, পিয়াসা ও মৌয়ের মামলার বিষয়ে আমরা বেশ কয়েক জনকে ডেকেছি, আরো বিভিন্নজনকে ডাকব। তবে তাদের নাম নিশ্চিত না হয়ে মিডিয়ায় আগেই প্রচার করা উচিত নয়। গতকাল বুধবার মালিবাগে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা বেশ কয়েক জনকে ডেকেছি। যাদের ডাকব না, আপনারা মনে করবেন এসব মামলার সঙ্গে আপনাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।’
অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, ‘আমরা অভিযুক্ত সবার বাসায় অভিযান চালিয়েছি। তিনটি জিপ, একটা বিএমডব্লিউ, একটা মাজদা ও একটা ফেরারি গাড়ি জব্দ করেছি। মোবাইল জব্দ করেছি। কিছু ইলেকট্রনিকস ডিভাইস জব্দ করেছি। সেগুলো ফরেনসিক ল্যাবে তদন্ত করা হচ্ছে। তবে অনলাইন, পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় এসবের সঙ্গে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়। আমরা তদন্ত করছি, আমাদের সময় দেন, আমরাই তদন্ত শেষে সব জানিয়ে দেব।’ তিনি আরো বলেন, ‘সম্প্রতি ঢাকার বেশ কিছু জায়গায় অভিযান পরিচালনা করে বেশ কিছু মালামাল জব্দসহ কয়েক জনকে আটক করা হয়েছে। এ সংক্রান্ত মোট ১৫টি মামলা হয়েছে, যার মধ্যে সিআইডিতে তদন্তাধীন রয়েছে আটটি। এসব মামলায় মোট ১০ জন আসামি রয়েছেন, যার মধ্যে আট জন এখন আমাদের কাছে রয়েছেন। দুই জন অন্য মামলায় রিমান্ডে আছেন। তাদের রিমান্ড শেষে আমাদের কাছে নিয়ে আসব।’
মাদক-সংক্রান্ত অভিযোগ ছাড়া পরীমনিসহ বাকি আসামিদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কি না, এমন প্রশ্নের উত্তরে সিআইডি প্রধান বলেন, ‘আগে থেকে কোনো নির্দিষ্ট বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করিনি। যেহেতু আসামিদের কাছ থেকে নানা রকম মালামাল জব্দ করা হয়েছে, সেগুলো কোথা থেকে এসেছে, কারা টাকা দিয়েছে এবং উত্স কোথায় তা আমরা খুঁজে দেখছি।’ আসামিদের সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা তদন্ত করেছি।’
জব্দ হওয়া গাড়িগুলো কার কার জানতে চাইলে তিনি বলেন, ‘এ পর্যন্ত যে ছয়টি গাড়ি জব্দ করা হয়েছে, সেগুলো কার কার নামে আছে, সেই তথ্য জানতে বিআরটিএতে যোগাযোগ করা হয়েছে। পরীমনির বাসা থেকে আমরা একটি গাড়ি জব্দ করেছি।’
সম্প্রতি ঘটে যাওয়া অভিযানকে কেন্দ্র করে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে সিআইডি প্রধান বলেন, ‘যদি কেউ মনে করেন তাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, তাহলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’ এখন পর্যন্ত কত জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাব।’
