হোমনার বাজারে টাকা ছিনতাইকালে চার নারী আটক

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২২:১৫

হোমনার বাজার থেকে দিনে-দুপুরে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ২ লক্ষাধিক টাকা ছিনতাইকালে চার নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় মামলার পর গতকাল মঙ্গলবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ছিনতাইকারী চার নারী হলেন—আঁখি সরকার, হাছিনা আক্তার, শিউলি, মৌসুমী। এদের মধ্যে আঁখি সরকারের বাড়ি দাউদকান্দিতে এবং অন্যদের বাড়ি তিতাস উপজেলায়।

জানা যায়, সোমবার উপজেলার শ্রীমদ্দি গ্রামের মনু মিয়া তার মেয়ে শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে প্রবাসী ছেলের পাঠানো ২ লাখ ১২ হাজার টাকা সোনালী ব্যাংক, হোমনা শাখায় জমা দিতে যান। কিন্তু অনেক ভিড় থাকায় তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ব্যাংকে টাকা জমা দিতে পারেননি। পরে তিনি ভ্যানিটি ব্যাগে টাকা ঢুকিয়ে মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেন। শারমিন তার সঙ্গে থাকা ছোট মেয়েকে সঙ্গে করে টাকা নিয়ে হোমনা বাজারের মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের কাছে পৌঁছলে পেছন থেকে ভ্যানিটি ব্যাগের চেইন খুলে বোরকা পরিহিতা চার নারী টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় শারমিন আক্তার চিত্কার করতে থাকলে উপস্থিত লোকজন চার নারীর তিন জনকে আটক করতে পারলেও ১ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে একজন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আটককৃত তিন নারীকে বাকি টাকা নিয়ে অন্য সহযোগীকে আসতে ফোন করতে বলেন। কিছুক্ষণ পর পালিয়ে যাওয়া নারী এসে ২০ হাজার টাকা রেখে বাকি ৮০ হাজার টাকা শারমিনকে ফেরত দেন। পরে হোমনা থানাপুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যান।

এদিকে মঙ্গলবার সকালে এক বৃদ্ধার গলা থেকে তিন তরুণীর সোনার চেইন ছিনতাইকালে এক তরুণীকে আটক করে জনতা। প্রত্যক্ষদর্শী অটোচালক জানান, হোমনা বাজারের ওভারব্রিজের নিচ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আমিরন নামের এক বৃদ্ধা উপজেলার চরের গাঁ যাচ্ছিলেন। এ সময় অপরিচিতা বোরকা পরিহিতা আরো তিন তরুণী অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি শ্রীমদ্দি তারা মিয়া বেকারির বাড়ির সামনে এলে বোরকা পরিহিতা তিন তরুণী বৃদ্ধা নারীকে বলেন, আন্টি আপনার টাকা নিচে পড়ে গেছে। এ সময় বৃদ্ধা নিচে তাকালে আরেক তরুণী তার গলায় থাকা সোনার চেইনটি ছিঁড়ে ফেলেন। এ সময় বৃদ্ধা চিত্কার করলে আশপাশের লোকজন এগিয়ে এক তরুণীকে আটক করে এবং তার কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করে। এ সময় অন্য দুই তরুণী পালিয়ে যেতে সক্ষম হয়।