শেখ হাসিনার গাড়িবহরে হামলায় পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২২:১৫

সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইয়াছিন আলীকে (৪২) গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে রায়টা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে চার বছর ছয় মাসের সাজা অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানার আদেশ হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, গ্রেফতারকৃত ইয়াছিন আলীর নামে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত্ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।