চট্টগ্রামের চন্দনাইশ হাসপাতালে গত দুই দিন ধরে অক্সিজেনের তীব্র সংকট বিরাজ করছে। চন্দনাইশ হাসপাতালে বেশ কয়েক দিন অক্সিজেন থাকলেও গত ৫ আগস্ট বুধবার বিকাল হতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ফলে দূরদূরান্ত থেকে আইসোলেশনে থাকা করোনা রোগী নিয়ে দুর্দশায় পড়েছে মানুষ। বদুরপাড়া ও খাগরিয়া থেকে আসা রোগীর ছেলে রহিম ও এমরান হাসান সিপাত জানান, করোনা রোগীর জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিলে প্রাইভেট হাসপাতালের কি অবস্থা হবে। আমাদের পিতাকে বাঁচানোর জন্য উপজেলার সাতকানিয়া কেরানী হাট এলাকা থেকে এযাবত্ চারটি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে অক্সিজেন দিচ্ছি। অক্সিজেনের জন্যই সরকারি হাসপাতালে রাখা। অন্যথায় বাড়িতে রেখেই চিকিত্সা দেওয়া যায়। এ ব্যাপারে করোনা ওয়ার্ডে দায়িত্ব থাকা আবাসিক মেডিক্যাল অফিসার আবু রাশেদ মো. নুরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, কেবল চন্দনাইশ হাসপাতাল নয় বিভিন্ন স্থানে অক্সিজেন সংকট বিরাজ করছে। তিনি বলেন, হাসপাতালের পক্ষ থেকে অক্সিজেন ব্যবস্থার চেষ্টা চলছে।
