নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী সরদারকে রাজাকার হিসেবে ‘নাটোরের ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ বইতে তালিকাভুক্ত করা এবং সংবাদ সম্মেলনে রাজাকার আখ্যায়িত করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সরকার সুজিত কুমার এবং নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন এমপি শিমুলের ছোট ভাই সাজেদুল আলম সাগর। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৫ জুলাই স্থানীয় একটি রেস্টুরেন্টে নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি সরকার সুজিত কুমারের লেখা ‘নাটোরের ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ বইয়ের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবাকে রাজাকার বা স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করায় এমপি শিমুল ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, রাজনৈতিকভাবে হেয় হয়েছে ও সামাজিকভাবে মানহানি করা হয়েছে। তাছাড়া এমপি শিমুলকে রাজাকারের সন্তান বলা হয়েছে। আদালতে বাদীপক্ষের আইনজীবী আসামিদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আবেদন জানান।
বিচারক এফ এম গোলজার রহমান অভিযোগ আমলে নিয়ে সিপিসি-২, র্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে তদন্ত করে ৩১ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
