নাগেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিনে আগুন দেওয়ায় কচাকাটা থানা পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে অবরুদ্ধ করেছে গ্রামবাসী। খবর পেয়ে আরো পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাকে মুক্ত করে থানায় পাঠিয়ে দেন জনৈক একজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি মণ্ডলটারী গ্রামে।
জানা যায়, ঐ গ্রামের শহিদুল ইসলাম গত এক মাস ধরে সুলতান আহম্মেদ বারুর বাড়ির পাশে দুধকুমার নদের তীরে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে একটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন। যা দিয়ে দামাল গ্রামের ছালাম মিয়ার বাড়ির পাশের একটি খাল ভরাট করা হচ্ছিল। মঙ্গলবার দুপুরে কচাকাটা থানার সাব-ইন্সপেক্টর শাহজালাল উদ্দিন সেখানে গিয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দেন। ড্রেজার মেশিনটি বাড়ির কাছাকাছি হওয়ায় এর আগুন দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়তে পারে এ আশঙ্কায় আতঙ্কিত লোকজন দৌড়ে এসে তা নিভিয়ে ফেলে।
