বলসোনারোর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অ্যামাজনবাসীর

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০০:১৬

ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেছে অ্যামাজনের বাসিন্দারা। গণহত্যার অভিযোগও উঠেছে। আন্তর্জাতিক আদালতের ফৌজদারি বিভাগের দ্বারস্থ হয়েছে অ্যামাজনের বাসিন্দাদের একটি গ্রুপ এপিআইবি। তাদের অভিযোগ, জায়ের বলসোনারো একদিকে যেমন অ্যামাজন ধ্বংস করছেন, তেমনই অ্যামাজনে বসবাসকারী জনজাতিগুলোকেও শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। তাদের অধিকার ছিনিয়ে নিচ্ছেন। আইনের ধোঁয়াশা তৈরি করে তাদের জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যার ফলে লড়াই হচ্ছে। মানুষের মৃত্যু হচ্ছে। একেই গণহত্যা বলে উল্লেখ করেছেন অ্যামাজনের বাসিন্দারা। আন্তর্জাতিক আদালতে এটাই প্রথম বলসোনারোর বিরুদ্ধে মামলা নয়, ২০১৯ সালে প্রেসিডেন্টের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছিল। অ্যামাজনে আগুন লাগার পিছনে বলসোনারোর হাত আছে, এমন অভিযোগ উঠেছিল। হেগের আন্তর্জাতিক আদালত জানিয়েছে, নতুন মামলাটিকে পুরোনো মামলাটির সঙ্গে জুড়ে দেওয়া হবে। —ডয়চেভেলে