প্রার্থীর ফৌজদারি মামলার তথ্য নাম ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে :ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০০:১৭

রাজনীতিকে অপরাধমুক্ত করার পথে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এখন থেকে নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করার ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের ফৌজদারি মামলার রেকর্ড প্রকাশ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। একই সঙ্গে রাজ্য সরকারের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন থেকে বর্তমান ও সাবেক বিধায়ক এবং এমপিদের বিরুদ্ধে চলমান কোনো ফৌজদারি মামলা হাইকোর্টের অনুমতি ছাড়া রাজ্য সরকার প্রত্যাহার করতে পারবে। গতকাল মঙ্গলবার আদালত এসব নির্দেশ দিয়েছে।

এদিকে নির্বাচনে দলীয় প্রার্থীদের অপরাধসংক্রান্ত তথ্য প্রকাশ না করায় বিজেপি ও কংগ্রেসসহ ৯টি রাজনৈতিক দলকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে জরিমানা করেছে শীর্ষ আদালত। কংগ্রেস ও বিজেপিসহ অন্য পাঁচটি দলকে ১ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, গত বছরের বিহারের নির্বাচনে আদালতের নির্দেশ না মানায় সিপিএম ও এনসিপির ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।

প্রার্থীদের অপরাধমূলক কাজকর্মের তথ্য প্রকাশ না করায় রাজনৈতিক দলগুলোর প্রতীক খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়। গতকাল মঙ্গলবার সেই পিটিশনের শুনানিকালে সুপ্রিম কোর্ট এসব নির্দেশ দিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে দেওয়া নির্দেশ অমান্য করায় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয় পিটিশনে।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট বলেছিল যে, প্রার্থীদের ফৌজদারি মামলার বিস্তারিত তথ্য হয় বাছাই হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বা মনোনয়নপত্র জমা দেওয়ার কমপক্ষে দুই সপ্তাহ আগে প্রকাশ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে প্রার্থী সম্পর্কে বিশদ তথ্য সংবাদপত্রে প্রকাশ করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে থাকা যাবতীয় ফৌজদারি মামলার বিবরণ ও বাছাইয়ের কারণ ব্যাখ্যা করে দলের ওয়েবসাইটে আপলোড করতে হবে।

তবে সেই নির্দেশ মানা হচ্ছিল না বলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ ওঠে। শীর্ষ আদালত বলেছে, এখন থেকে প্রার্থী হিসেবে বাছাই হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করতে হবে। এছাড়া নির্বাচন কমিশনকে এ ব্যাপারে একটি মোবাইল অ্যাপ তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। ভোটাররা যাতে সহজে তথ্য পেতে পারেন, সেজন্য এই অ্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। 

একই সঙ্গে আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে করে ফৌজদারি মামলার আসামিরা রাজনীতিতে নিষিদ্ধ হন। কারণ ভারতের রাজনৈতিক ব্যবস্থায় অপরাধীদের সম্পৃক্ততার হুমকি দিন দিন বাড়ছে বলে আদালত মনে করে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।