চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে বাসায় ১৮ ঘণ্টা কাটানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা হিসেবে এডিসি গোলাম সাকলায়েন শিথিলের ভূমিকায় বিব্রত পুলিশ বাহিনী। তাকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কর্মকর্তা সাকলায়েন পরীমনির কোনো মামলা তদারকির সঙ্গে জড়িত ছিলেন না। সঙ্গত কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। তবে বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিনেত্রী পরীমনির সঙ্গে সম্পর্ক থাকার কারণে কোনো ব্যবসায়ীর তালিকা হয়েছে কি না, কাউকে গ্রেফতার করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের তালিকা হচ্ছে না বা কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তিনি বলেন, পরীমনির সঙ্গে কোনো ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক বা প্রতারণা নিয়ে কোনো পক্ষেরই অভিযোগ নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, একটি চক্র কথিত ভিডিওর কথা বলে বিশিষ্টজনদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এমন তালিকার কথা বলে যারা বাণিজ্যে নেমেছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
