৯/১১ হামলা : নথি প্রকাশের বিষয় পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০০:১৯

নাইন-ইলেভেন হামলার গোপন নথি প্রকাশ করা হবে কি না, বিষয়টি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। এই নথি প্রকাশের জন্য প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের ওপর চাপ বাড়ছে। ইতিমধ্যে নিহতের স্বজনরা চিঠি লিখে হামলায় সৌদি আরবের ভূমিকার বিষয়টি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। না হলে স্মৃতি অনুষ্ঠানে না আসারও আহ্বান জানানো হয়। খবর রয়টার্সের

মার্কিন কর্মকর্তারা সোমবার ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার গোপন নথি প্রকাশের অঙ্গীকার করেছেন। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই নিউ ইয়র্কের সাউদান ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলকে লেখা এক চিঠিতে জানিয়েছে, নাইন ইলেভেন হামলার নথি প্রকাশ না করার যে সিদ্ধান্ত ছিল সেটি এখন পর্যালোচনা করা হচ্ছে। আরো কিছু অতিরিক্ত তথ্য প্রকাশ করা যায় কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, এফবিআই প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব পর্যায়ক্রমে এই ধরনের তথ্য প্রকাশ করবে। এ নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন হামলায় নিহতের স্বজনরা। বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রীয় গোপনীয়তার কথা বলে এসব তথ্য প্রকাশ করতে অসম্মতি জানিয়ে আসছেন।