‘সময়মতো সবাই দ্বিতীয় ডোজ টিকা পাবেন’

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৭:০৩

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। ইতোমধ্যে যারা যে কোম্পানির প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে। দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করেই প্রথম ডোজ দেওয়া হয়েছে। 

বুধবার (১১ আগস্ট) দুপুরে সারাদেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব কথা বলেন তিনি। তার মতে, আমাদের হাতে ফাইজার, মডার্না এবং সিনোফার্মের দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে। টিকা নিয়ে কোনো আশঙ্কার অবকাশ নেই। সুতরাং, কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচারে কান দেবেন না। 

নাজমুল ইসলাম বলেন, ফাইজার ও মডার্নার প্রথম ডোজের টিকা যারা যে কেন্দ্র থেকে গ্রহণ করেছেন তারা চার সপ্তাহ পরে একই কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন। 

                

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, সারাদেশে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্মের মিলিয়ে সর্বমোট এক কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে। ফাইজারের টিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫০ হাজার ২৫৫ জনকে। সিনোফার্মের দেওয়া হয়েছে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জনকে এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৭৪৭ জনকে।

ইত্তেফাক/এসআই