এমবাপ্পের পিএসজি ছাড়ার কারণ নেই :খেলাইফি

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৩৭

স্পোর্টস ডেস্ক

ইউরোর আগে কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন, প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নিজের ভবিষ্যত্ নিয়ে দ্বিধায় আছেন তিনি। চুক্তি অনুযায়ী এবারই তার শেষ মৌসুম। তবে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির মতে, এমবাপ্পের ক্লাব ছাড়ার কোনো কারণ নেই।

পিএসজি বর্তমানে মত্ত লিওনেল মেসিকে নিয়ে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড গত পরশুই ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি সেরেছেন। মেসির আগমনে এমবাপ্পের তারকা খ্যাতি হারানোর সম্ভাবনা দেখছেন কিছু মানুষ। কিন্তু পিএসজি প্রেসিডেন্ট তেমনটা মনে করেন না। বরং তার মতে, এমবাপ্পে, মেসি ও নেইমারের কল্যাণে অদম্য এক আক্রমণত্রয়ী হিসেবে গড়ে উঠবে তার দল।

গতকাল লিওনেল মেসিকে নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে নিয়ে খেলাইফি বলেন, ‘আমরা তার ভবিষ্যত্ নিয়ে জানি, ইতিমধ্যেই সে ক্লাব ছাড়তে না চাওয়ার কথা বলেছে এবং সে থাকছে। সে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দল চায় এবং এর থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হতে পারে না। থেকে যাওয়া ছাড়া আর কোনো কারণ নেই তার কাছে। সে একজন প্যারিসিয়ান এবং তার মানসিকতা বিজয়ীর। সে আমাদেরই একজন খেলোয়াড়।’