বিনোদন রিপোর্ট
আবারো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা নিলয় আলমগীর। করোনার কারণে তেমন কাউকে না জানিয়ে গত ৭ জুলাই হূদিকে বিয়ে করেছেন তিনি। ঢাকার মগবাজারের মেয়ে হূদি হোম ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন। এ প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘আসলে ঘটনাটা ঘটেছে গত মাসে। ৭ জুলাই আমরা বিয়ে করেছি। এখন আমরা একসঙ্গেই থাকছি। করোনার কারণে তেমন কাউকে জানানো হয়নি। তবে আমার বোন অস্টেলিয়ায় থাকেন। ছুটিতে তিনি দেশে এলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
উল্লেখ্য, অনলাইনে নিলয়ের সঙ্গে হূদির পরিচয় হয়। পরিচয় থেকেই বন্ধুত্ব-প্রেম। অবশেষে পরিণয়ে গড়ালো তাদের সম্পর্ক। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানের আগে সম্ভব হলে ঢাকার বাইরে মধুচন্দ্রিমায় যাবেন তারা। দেশের মাঝেই কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরতে চান এই নবদম্পতি।
