ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ-ভর্নাপাড়া সড়ক ধসে গেছে। সোমবার রাতে প্রবল বর্ষণে ভর্নাপাড়া গ্রামের ব্রিজে নিচের মাটি সরে গিয়ে সড়ক ধসে পড়ে। এতে বন্ধ হয়ে পড়েছে দুই পাশের যান চলাচল। দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারীরা। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। এদিকে ভাঙন স্থানে বালুর বস্তা ফেলছেন স্থানীয় সমাজসেবক সৈয়দ মাহবুবার রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জানান, সড়ক ধসে যাওয়ার বিষয়ে অবগত হয়েছি। ভাঙন স্থান পরিদর্শন করে এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
