ইত্তেফাক ডেস্ক
ময়মনসিংহের ফুলপুর ও ঈশ্বরগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ী এবং শেরপুরের নকলা উপজেলায় বুধবার বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর উপজেলার নারকেলি গ্রামে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বাড়ির পাশের বেলতলীতে শসাখেতে কাজ করার সময় বজ পাতে ঘটনাস্থলেই মারা যান। ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জের সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত হলো ঐ গ্রামের দিনমজুর আছির উদ্দিনের ছেলে রুবেল মিয়া (১৬)। বাড়ির পাশে শিন্নি বিলে দুই সহপাঠীকে নিয়ে রুবেল আমন ধানের চারা রোপণ করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে সহপাঠীরা চলে গেলেও রুবেল কাজ করছিল। কিছুক্ষণ পর বজ পাত হলে সে গুরুতর আহত হয়। সহপাঠীরা বাড়িতে খবর দিলে পরিবাবের লোকজন রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরগঞ্জ থানার এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ীতে বুধবার সকালে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম দুলাল (২৫)। এ সময় তার বড় ভাই স্বপন (২৯) গুরুতর আহত হয়েছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাতপোয়া ইউনিয়নের খলিশাকুরী গ্রামের মকবুল হোসেনের ছেলে দুলাল ও স্বপন বাড়ির পাশে রোপা ধানের চারা তুলছিল। এ সময় হঠাত্ বজ পাতে ঘটনাস্থলেই দুলাল মারা যায় ও বড় ভাই স্বপন গুরুতর আহত হয়।
নকলা (শেরপুর) : নকলায় বুধবার সকালে বজ্রপাতে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আজিজুল হক (৩৬)। এ সময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। আহতদের উদ্ধার করে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
