চট্টগ্রামে ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৫০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে মঙ্গলবার রাতে ৪৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে মো. নুরুল আফসার। নগরীর লালদীঘি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বুধবার নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম ওজনের মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার ক্রিস্টাল মেথসহ একজনকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ এই মাদক একটি বায়ুরোধক পলিব্যাগে বহন করা হচ্ছিল। গ্রেফতার মো. নুরুল আফসার জানিয়েছে, সে চন্দনাইশ থানার এক ব্যক্তির কাছ থেকে এসব সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।