বিশ্বজিত্ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৫০

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

বহুল আলোচিত বিশ্বজিত্ দাস হত্যা মামলার পলাতক আসামি ইমরান হোসেনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, বিশ্বজিত্ হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি ইমরান হোসেনকে গোপন খবরের ভিত্তিতে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের একটি রাস্তা থেকে গ্রেফতার করি। বুধবার তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি ইমরান হোসেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মীর আব্দুল জলিলের ছেলে।

২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ্ পার্কের কাছে বিশ্বজিত্ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।