বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ায় করোনার ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যারা সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার জন্য মোবাইলে মেসেজ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ভ্যাকসিন নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ এর ফোকাল পয়েন্ট ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গোপাল শীল জানান, এ মুহূর্তে ভ্যাসিনের সংকট রয়েছে, এটা ঠিক। যারা দ্বিতীয় ডোজ নেওয়ার মেসেজ পেয়েছেন পরবর্তী ভ্যাকসিন না আসা পর্যন্ত একটু দেরি হবে। তবে তাতে কোনো সমস্যা নেই। শিগগিরই ভ্যাকসিন আসবে। তিনি আরো বলেন, যারা প্রথম ডোজ যে ভ্যাকসিন নিয়েছেন দ্বিতীয় ডোজও সেটাই নিতে হবে। এখন পর্যন্ত সরকারি এ সিদ্ধান্ত রয়েছে।
আশুগঞ্জে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ রয়েছে। সিনোফার্মের টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় বুধবার সকাল থেকে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ রাখা হয়। ফলে এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা শতাধিক লোক ফিরে যায়। আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা জানান, সিনোফার্মের প্রথম ডোজ টিকা মঙ্গলবার পর্যন্ত দেওয়া হয়েছে। টিকা শেষ হয়ে যাওয়ায় প্রথম ডোজ টিকা দেওয়া আপাতত বন্ধ রয়েছে। আশা করছি, টিকা এলে আগামী শনি অথবা রবিবার থেকে প্রথম ডোজ টিকা দেওয়া আবার শুরু করতে পারব।
