ইন্টারনেট প্যাকেজে মেয়াদ কেন?

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:১৪

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ডট কো ডট ইউকে-র তথ্যমতে বাংলাদেশে ৩০ দিন মেয়াদি ১ গিগাবাইট ইন্টারনেট ডেটার মূল্য গড়ে সাড়ে ৫৯ টাকা। যেখানে প্রতিবেশী দেশ ভারতে গড়মূল্য মাত্র ৭ টাকা ৬৫ পয়সা! তদুপরি বাংলাদেশে ইন্টারনেটের গতির অবস্থা খুব খারাপ। ইন্টারনেট সেবা গ্রহণ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে এদেশের গ্রাহকরা। এত চড়ামূল্যে ইন্টারনেট প্যাকেজ কিনেও কোনো লাভ হচ্ছে না। এদেশের সিম কোমপানিগুলোর কাছে ইন্টারনেট প্যাকেজ কেনার সঙ্গে সঙ্গে একটি মেয়াদ বেঁধে দেওয়া হয়। যার স্থায়িত্ব খুবই কম। বেঁধে দেওয়া সময়ের ভেতর ডাটা শেষ করতে না পারলে অ্যাকাউন্ট থেকে ডাটা কেটে নেওয়া হয়। যা সম্পূর্ণ প্রতারণা ও অমানবিক। নিজের টাকা দিয়ে কেনা ডাটা একজন ব্যক্তি কখন কতটুকু ব্যবহার করবেন তা তাঁর প্রয়োজনের ওপর নির্ভরশীল। এর ওপর সিম কোম্পানির হস্তক্ষেপ মোটেও কাম্য নয়। অবিলম্বে ইন্টারনেট প্যাকেজগুলোর মেয়াদব্যবস্থা তুলে দেওয়ার জন্য সিম কোম্পানিগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে সংশি­ষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা একান্ত প্রয়োজন।

আ. রহমান দেওয়ান, রামগঞ্জ, লক্ষ্মীপুর