বিদ্যুত্ বিলে ভাঙতি বিড়ম্বনা

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:১৪

স্থানীয় কৃষি ব্যাংকে বিদ্যুত্ বিল দিতে গিয়েছিলাম। সেখানে দেখলাম ব্যাংক কর্মকর্তাকে বিদ্যুত্ বিল দিতে আসা একজন গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করতে। আমি তাঁর পরের সিরিয়ালেই দাঁড়িয়েছিলাম। তাই কারণটা জানতে অসুবিধা হয়নি। বিদ্যুত্ বিলের টাকা ভাঙতি না দেওয়াতে দুর্ব্যবহার পেতে হয়েছে ঐ গ্রাহককে। ব্যাংক কর্মকর্তা রূঢ় ভাষায় বলছিলেন, ‘নোটিশ টাঙিয়ে রেখেছি চোখে দেখেন না? ওখানে লেখা আছে বিদ্যুত্ বিলের সমপরিমাণ টাকা জমা দিন।’ ঐ গ্রাহকের বিল ছিল এক হাজার টাকার কম বিজোড় সংখ্যা। তিনি দিয়েছিলেন ১০০০ টাকার নোট। ব্যাংক কর্মকর্তা ভাঙতি দিতে নারাজ। প্রতিদিন শত শত গ্রাহককে এমন ভাঙতি বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ব্যাংকে গিয়ে  বিদ্যুত্ বিল জমা দিতে গিয়ে। এই সমস্যা সমাধানে মোট বিলের শেষ সংখ্যা ০ অর্থাত্ ১৭ টাকার জায়গায় ২০ টাকা এবং পরবর্তী মাসে তা আবার শেষ সংখ্যা ০ রেখে গ্রাহককে টাকা ফেরত অথবা অগ্রিম জমা নেওয়া যেতে পারে। এমন করা সম্ভব হলে গ্রহকদের ভাঙতির জন্য বেগ পোহাতে হবে না। পল্ল­ী বিদ্যুত্ সমিতি বিষয়টি নজরে এনে গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশা করি।

রাকিব হাসান, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া