কৃষি জমি ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করে কৃষি জমিসহ এলাকার পরিবেশ রক্ষার দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বাতাবাড়িয়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীসহ কুমিল্লা সিটি করপোরেশনের ২৩ ও ২৪নং ওয়ার্ডের নানা পেশার নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে ওই এলাকার কৃষি জমি, বসতবাড়ি, স্কুলসহ নানা প্রতিষ্ঠানে জলাবদ্ধতার সৃষ্টিসহ এলাকার পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওই ওয়ার্ড দুটির মূল ড্রেনটি তিনশত গজ বৃদ্ধি করে চাঙ্গিনী-নন্দনপুর এলাকায় ঘুঙ্ঘাইঝুড়ি খালের শাখা খালে সংযুক্ত করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান হয়। এ সময় বক্তব্য রাখেন, বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হক, স্থানীয় সমাজসেবী আবুল কালাম, হাসান পিন্টু, মোশাররফ হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, জনগণের সমস্যার বিষয়টি বিবেচনা করে ড্রেনটি ঘুঙ্ঘাইঝুড়ি খালে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ড্রেনের জমি নিয়ে মামলা হওয়ায় অনেক জায়গায় কাজ করা যাচ্ছে না। সহসাই এর সমাধান করা হবে।