বাংলাদেশকে সবুজতর করতে সবার প্রতি আইজিপির আহ্বান

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

সবুজ দেশ গড়ার লক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি’ প্রত্যয়ে পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে পরিচালিত সামাজিক বনায়ন কর্মসূচি সব পুলিশ ইউনিটের সঙ্গে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইড কনফারেন্স রুমে বুধবার এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী জিশান মির্জা। পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

আইজিপি সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বিশেষত ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশকে সবুজতর করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি পশুপাখি ও বৃক্ষের বৈচিত্র্য রক্ষা তথা উদ্ভিদ ও প্রাণিকুল রক্ষায় বৃক্ষরোপণের মাধ্যমে বিশাল সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুতারোপ করেন।

পুনাক সভানেত্রী জিশান মির্জা তার স্বাগত বক্তব্যে বলেন, পুনাক একটি অলাভজনক, সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে পুলিশ পরিবারের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। বৃক্ষ শুধু রোপণ করলেই হবে না। গাছের পরিচর্যা করে একে বড় করে তুলতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (এফঅ্যান্ডএল) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি মো. আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আইজিপি এবং পুনাক সভানেত্রী পুলিশ সদর দপ্তর চত্বরে গাছের চারা রোপণ করেন।