১৯ বছরে সর্বোচ্চ রাজস্ব আয় বরিশাল সিটি করপোরেশনের

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:৪১

বরিশাল অফিস

১৯ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে বরিশাল সিটি করপোরেশন। প্রতিষ্ঠার পর থেকে এত টাকা রাজস্ব আদায় করা হয়নি বলে জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মঙ্গলবার বিকালে প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এই তথ্য জানান মেয়র। তিনি বলেন, ২০২০-২১ অর্থ বছরে বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব আয় হয়েছে ৭৭ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৫৪৭ টাকা। যা গত ১৯ বছরে সর্বোচ্চ। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয় হয় ৫৩ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩১৭ টাকা। তবে ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা উল্লেখ করেন মেয়র সাদিক।

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে ২০২১-২২ অর্থবছরে ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সিটি করপোরেশনের ১৯তম বাজেট এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর তৃতীয় প্রস্তাবিত বাজেট ছিল এটি।