শিমুলিয়া, দৌলতদিয়ায় ভিড়, লঞ্চ চালু হওয়ায় ফেরিতে কমেছে যাত্রীর চাপ

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২২:২৪

গতকাল বুধবার বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে রাজধানীগামী মানুষের ভিড় বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। তবে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে কমেছে যাত্রীদের চাপ। দৌলতদিয়া ঘাটে যানবাহনের সারি তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বিধিনিষেধ শিথিল হওয়ার পর বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানী ঢাকায় প্রবেশ করেছে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটের প্রতিটি ফেরিতেই মানুষের ভিড়। এই নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করছে। এ রুটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ কিছুটা কমেছে।

এদিকে পদ্মা সেতুর পিলারে ফেরির বারবার ধাক্কার ঘটনায় ভারী যানবাহন নিয়ে ফেরি পদ্মা সেতুর নিচ দিয়ে  চলাচল না করার নির্দেশনা দেওয়া হলেও বাস্তবে সংখ্যায় অল্প হলেও ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে দেখা গেছে। তবে বুধবার সকাল থেকে রো রো ফেরি (বড় ফেরি) চলাচল করতে দেখা যায়নি। মাঝারি আকৃতির পাঁচটি ফেরি চলাচল করছে। প্রতিটি ফেরিতেই দু-একটি করে ভারী যানবাহন পারাপার হতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। রো রো ফেরি বন্ধ রাখা হয়েছে। মাঝারি আকৃতির ফেরি চলাচল করছে। ভারী যানবাহন ফেরিতে পারাপার বন্ধ রাখা হয়েছে। ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির সদস্য ও  বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহমহাব্যবস্থাপক (মেরিন) আহম্মদ আলী  বলেন, পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।

দৌলতদিয়ায় যানবাহনের

দীর্ঘ সারি

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, লকডাউনের বিধিনিষেধ শিথিলের সরকারি ঘোষণার প্রথম দিনেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে যা দৌলতদিয়া ফেরিঘাট থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। লঞ্চ চালু হওয়ায় অনেক যাত্রী বাস থেকে নেমে লঞ্চে পদ্মা পার হচ্ছেন। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি ও ১৭টি লঞ্চ দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে গণপরিবহন চালুর পাশাপাশি অন্যান্য যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যে কারণে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করে ফেরি পার হতে হচ্ছে। তবে স্রোতের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোটবড় ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে এবং এই নৌরুটের দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাটের মধ্যে পাঁচটি ঘাট চালু রয়েছে, তবে তীব্র স্রোতের কারণে ৪ নম্বর ঘাটে ছোট ফেরি ভিড়তে পারছে না।