ডিবির ওসিসহ ছয় কর্মকর্তা রিমান্ডে

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২২:২৬

সোনার বার লুটের মামলায় ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম ভূঁঞা ও তার পাঁচ সহযোগী পুলিশ কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বুধবার সদর আমলি আদালত-১ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে ওসির চার দিনের ও বাকিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন: এসআই মোতাহের, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এসআই অভিজিত্ রায় ও এএসআই মাসুদ রানা।

ফেনীর পুলিশ সুপার ইত্তেফাককে জানান, চট্টগ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঐ ছয় পুলিশ কর্মকর্তাকে মঙ্গলবার ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার হয়। এ সময় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।  জানা গেছে, কিছু দিন আগে ফেনীতে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশের দোকানে সোনার বার ডাকাতির ঘটনা ঘটে। ঐ ঘটনায় তিনি বাদী হয়ে মঙ্গলবার গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভূঁঞাসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা স্বর্ণ ডাকাতির কথা স্বীকার করেন। পরে লুট করা কিছু স্বর্ণ উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।