সিংহাসন ফিরে পেলেন সাকিব

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২২:২৭

বাংলাদেশের ক্রিকেটে রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে নিজেকে ক্রিকেট ইতিহাসের নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আন্তর্জাতিক টি-২০ তে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি পেয়ে গেলেন দ্রুতই।    গতকাল আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে টি-২০ তে আবারও বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব। প্রায় তিন বছর পর এ ফরম্যাটে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন তিনি। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে টপকে মুকুট ফিরে পেলেন তিনি। ২০১৮ সালের মার্চে অলরাউন্ডারদের শীর্ষে ছিলেন সাকিব।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ব্যাটিংয়ে ১১৪ রান ও বোলিংয়ে ৭ উইকেট নিয়েছেন সাকিব। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি, বাংলাদেশও সিরিজটা জিতেছে ৪-১ এ। এমন পারফরম্যান্সের কারণেই এ সিরিজ থেকে ৩৪ রেটিং পয়েন্ট পেয়েছেন সাকিব। গতকাল প্রকাশিত র্যাংকিংয়ে ২৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাঁহাতি এ অলরাউন্ডার। দ্বিতীয় স্থানে থাকা নবির রেটিং পয়েন্ট ২৮৫। 

র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই বোলার মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের। ২০ ধাপ উন্নতি পেয়ে শীর্ষ দশে জায়গা হয়েছে মুস্তাফিজের। ২০১৮ সালের পর তিনিও সেরা দশে ফিরলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ উইকেট পাওয়া কাটার মাস্টারের অবস্থান এখন র্যাংকিংয়ের ১০ নম্বরে, রেটিং পয়েন্ট ৬১৯। ৮ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার নাসুমের অবস্থান ৬৬ নম্বরে।

শুধু র্যাংকিংয়ের উন্নতি নয়, গতকাল আইসিসি থেকে আরেকটি সুখবর পেয়েছেন সাকিব। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জুলাই মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন এ বাঁহাতি অলরাউন্ডার। জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে টপকে এ পুরস্কার পেলেন সাকিব।