টিকার জন্য এমন দুঃখজনক ঘটনা নজিরবিহীন -------- জিএম কাদের

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২২:৩০

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গণটিকা দান কর্মসূচি সফল করে সারা বিশ্ব যখন সবকিছু স্বাভাবিক করে ফেলছে, তখন আমাদের দেশে শত শত মানুষ এক ডোজ টিকার জন্য সারা রাত লাইনে বসে রাত কাটিয়েছেন। বিশেষ করে, বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়েছেন শুধু এক ডোজ টিকার আশায়। গত কয়েক দিন তারা বিভিন্ন কেন্দ্রে ঘুরেও টিকা পাননি। বিশ্বে এমন দুঃখজনক ঘটনা নজিরবিহীন। জাতির জন্য এর চেয়ে লজ্জাজনক সংবাদ আর হতে পারে না। গতকাল বুধবার নিজের বনানী কার্যালয়ে দলের সদ্য প্রয়াত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় ওলামা পার্টি আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, করোনার চিকিত্সা নিয়ে সরকার অনেক বড় বড় কথা বলেছে, অনেক আস্ফাালন করেছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পুরোপুরি ব্যর্থ। করোনাকালে যারা চিকিত্সার টাকা নিয়ে দুর্নীতি করবে, তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ইতিহাস থেকে অনেক রাজনৈতিক দল হারিয়ে গেছে। জাপা গণমানুষের সঙ্গে ছিল, আগামী দিনেও থাকবে। আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাপা আগামী দিনের রাজনীতিতে সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।