চিতলমারীতে সড়কে খানাখন্দ পথচারীদের ভোগান্তি

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২২:৩০

চিতলমারী থেকে শৈলদাহ সড়কের অনেক স্থানে গর্ত তৈরি হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা। স্থানীয়রা জানান, উপজেলা সদর বাজার থেকে শৈলদাহ, পিরোজপুর, নাজিরপুরসহ আশপাশের এলাকায় যাতায়াতের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটিতে বর্ষায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার লোকের যাতায়াত রয়েছে। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বোয়ালিয়া গ্রামের বাসিন্দা কিশোর বালা, কৌশিক বিশ্বাসসহ অনেকে জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে তারা ঝুঁকি নিয়ে চিতলমারী সদর বাজারে যাতায়াত করেন। সড়কের অনেক স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় কৃষিপণ্যসহ যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবজি মৌসুমে চাষিরা সব থেকে বেশি সমস্যায় পড়েছেন। ব্যবসায়ীরা গাড়ি নিয়ে ঐ সড়কে ঢুকতে না পারায় সবজির ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জাকারিয়া ইসলাম জানান, সড়কটি মেরামতের পরিকল্পনা চলছে। দ্রুত কাজ শুরু করা হবে।