টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরো ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। গতকাল বুধবার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট এই টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকার চালানটি গ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানান।
গতকাল বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে টিকা নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। গতকাল ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসে।
প্রসঙ্গত, গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। ১৭ জুলাই দ্বিতীয় দফায় আসে আরো ২০ লাখ টিকা। এরপর ৩০ জুলাই আরো ৩০ লাখ। এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন।
