আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০০:২৩

সাভারের আশুলিয়ায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুত্ ডেন্ডাবর এলাকার ফজর আলী বয়াতির বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. টুটুল (২৭) এবং তার সদ্য বিবাহিত স্ত্রী একই জেলার ইসলামি ইউনিভার্সিটি এলাকার বড় রাধানগড় গ্রামের বাদল আলির মেয়ে মারিয়া খাতুন (১৫)। তারা সদ্য বিবাহিত ছিলেন বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাফিউল্লাহ জানান, বিকালে স্থানীয়রা থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহত মারিয়ার বাবা বাদল আলী গত ২২ জুন মেয়ে নিখোঁজের একটি জিডি করেন। ধারণা করা হচ্ছে টুটুল ও মারিয়া আশুলিয়ায় পালিয়ে এসে বিয়ে করেছিলেন। কিন্তু মারিয়া পরে জানতে পারে টুটুলের আগের স্ত্রী ও সন্তান রয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।