গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশে বলেছেন, আমলাদের বসিয়ে বসিয়ে আর কতদিন বেতন খাওয়াবেন। করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে জনগণকে সচেতন করার কাজে তাদেরকে রাস্তায় নামান। গতকাল বুধবার রাজধানীর কাওরান বাজারে পেট্রোবাংলার সামনে গণসচেতনতা ও মাস্ক বিতরণকালে তিনি এ কথা বলেন।
ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে নাগরিক সমাজের উদ্যোগে ‘করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচলে সচেতন করা ও মাস্ক বিতরণ’ কর্মসূচি পালন করা হয়। এ সময় ডা. জাফরুল্লাহ বলেন, করোনা পরিস্থিতি ক্রমেই ক্ষতির দিকে যাচ্ছে। মৃত্যুর হার যা প্রকাশিত হচ্ছে তা থেকে বেশি মৃত্যু হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। প্রতিদিন কয়েক শ লোক হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেকের মশারি নেই। হাসপাতালে রোগীদের মশারি দেওয়া হয়নি।
স্কুল-কলেজ খোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারত। দেশের ৫০ শতাংশ মানুষ মাস্ক পরে না। অনেকে মাস্ক গলায় ঝুলিয়ে রাখে। গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জেএসডির কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।
