লিবিয়ায় রাশিয়ার প্রাইভেট বাহিনী ওয়াগনারের গোপন তত্পরতা ফাঁস

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০০:২৮

রাশিয়ার একটি গোপন প্রাইভেট বাহিনী লিবিয়ার গৃহযুদ্ধে কত ধরণের তত্পরতা চালাচ্ছে তা বিবিসির এক নতুন অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই প্রাইভেট বাহিনীর সঙ্গে অনেক যুদ্ধাপরাধ এবং রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কও ফাঁস হয়েছে এই অনুসন্ধানে। রাশিয়ার ভাড়াটে সেনাদের এই গোষ্ঠীটির নাম ওয়াগনার গ্রুপ। তাদের একজন যোদ্ধা একটি স্যামসাং ট্যাবলেট ফেলে রেখে গিয়েছিল। এই ট্যাবলেট থেকে পাওয়া তথ্যে লিবিয়ায় গ্রুপটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের যোদ্ধাদের চিহ্নিত করা যায় এমন সাংকেতিক নামও ফাঁস হয়ে গেছে। এই গ্রুপটি যেসব অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছিল তার একটি ক্রয় তালিকাও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব সরঞ্জাম একমাত্র রাশিয়ার সামরিক বাহিনীই সরবরাহ করতে পারে। তবে রাশিয়া ওয়াগনার গ্রুপের সঙ্গে তাদের কোন সম্পর্কের কথা অস্বীকার করেছে।