বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মেশিন রিডেবল পাসপোর্টের সার্ভার সঠিক সময়ে হালনাগাদ না করায় পাসপোর্ট তৈরির কাজ থমকে গেছে। গত ১ মাস ধরে একটিও পাসপোর্ট প্রিন্ট হয়নি বলে জানা গেছে।
গতকাল বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় অবস্থিত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভারে কারিগরি ত্রুটি সৃষ্টি হওয়ায় বিদেশে বাংলাদেশের সকল মিশনের পাসপোর্ট প্রস্তুত কার্যক্রম ঢাকা থেকে বন্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি দ্রুত এ সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যে সকল বাংলাদেশী নাগরিক পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ২২ মে, ২০২১ তারিখ থেকে আবেদন জমা দিয়েছেন (যাদের পাসপোর্ট ডেলিভারি তারিখ ২২ আগস্ট, ২০২১ হতে) তাদের পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম ২২ আগস্ট, ২০২১ ইং থেকে কারিগরি ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে। তবে সমস্যা সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে তা জানানো হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে পাসপোর্টের আবেদন গ্রহণের কার্যক্রম যথারীতি চলবে। আকামা নবায়ন ও বাংলাদেশ ভ্রমণের প্রয়োজনে বিনামূল্যে দুই বছর পর্যন্ত বর্তমান পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি ও ট্রাভেল পারমিট ইস্যু কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ ও লেবাননে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো থেকেও জানানো হয়েছে, এমআরপি সার্ভারে কারিগরি ত্রুটির কারণে পাসপোর্টের সরবরাহে ঘাটতি রয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস ৩০ জুলাই এক নোটিশে জানিয়েছে, বাংলাদেশে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে ৮ জুনের পর যেসব পাসপোর্টের রি-ইস্যুর আবেদন করা হয়েছে, সেই পাসপোর্ট এখনও আসেনি। তাই, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করা হলো। যথাসময়ে পাসপোর্ট দিতে না পেরে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ৭ আগস্ট নোটিশ দিয়ে জানিয়েছে।
এ বিষয়ে ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের (ডিআইপি) সূত্র জানায়, ইতিমধ্যে মালয়েশীয় প্রতিষ্ঠান আইরিস করপোরেশনের সঙ্গে আরও অতিরিক্ত ৬০ লাখ পাসপোর্টের জন্য নতুন একটি চুক্তি করা হয়েছে এবং সার্ভারটিকে শিগগির আপগ্রেড করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
