বরিশালে করোনায় ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু 

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:৫৪

বরিশাল বিভাগে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়। 

আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে বরিশালে একজন, পিরোজপুরে দুইজন ও বরগুনায় চারজন রয়েছেন। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

মমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ৩৭৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪০ হাজার ১১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৮২৯ জন।

এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ বুধবার রাতের রিপোর্টে ৩৪ দশমিক ৭১ ভাগ। 

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ২৪১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৫৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ২০৪ জন রোগী। 

ইত্তেফাক/এএএম