খুলনা বিভাগে করোনায় আরও ২৭ জনের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৪:২২

খুলনা বিভাগে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত ফের বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৮৬ জনের।

বৃহস্পতিবার (১২ আগস্ট ) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার খুলনা বিভাগে ২০ জনের মৃত্যু ও ৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১০ হাজার ২৯৯

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গতকাল বুধবার বেলা ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোরে আটজন, নড়াইলে চারজন, মেহেরপুরে ও ঝিনাইদহে দুজন করে এবং খুলনা ও বাগেরহাটে একজন করে মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৫৮৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৫৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৬০৯ জন।

ইত্তেফাক/এমআর