চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৬:৩৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক বজ্রপাতে এক স্কুলশিক্ষার্থী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বজ্রপাতে মৃতরা হলেন, বড়দাদপুর গ্রামের বাসিন্দা এমরান আলী খোকার ছেলে ইয়াশিন আলী (১৪),অপরজন একই ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ঝাড়িয়া উঁড়াওয়ের ছেলে হৃদয় উঁরাও (৫২)।

পার্বতীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার পর ওই এলাকায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় পিতার জমিতে ঘাস নিড়ানোর অবস্থায় বড়দাদপুর গ্রামের ৮ম শ্রেণির ছাত্র ইয়াশিন ও অপরজন শেরপুর কোঠাডাঙ্গা এলাকার হৃদয় উঁড়াও একই ভাবে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে মৃত দুই ব্যক্তির পরিবারকে সৎকারের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এসজেড