জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে তিন পর্বের বিশেষ ধারাবাহিক শিশুতোষ অনুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’। জনপ্রিয় অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহিদুল ইসলাম ও রফিকুল ইসলমাসহ শিশুশিল্পীদের বিভিন্ন পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে কথা বলেছেন, জনপ্রিয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম। মো. সাখাওয়াত হোসেনের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। অনুষ্ঠানটি প্রসঙ্গে প্রযোজক সাদিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতীয় চেতনার নাম। সেদিক থেকে শিশুতোষ অনুষ্ঠানটি টানা ৩ দিন ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।’ অনুষ্ঠানের প্রথম পর্ব আজ ও দ্বিতীয় পর্ব আগামীকাল বিকেল ৫টা ১০ মিনিটে এবং তৃতীয় পর্ব ১৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় প্রচারিত হবে।
