রাশিয়ায় ১৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত নিখোঁজ ৭

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:৪৮

রাশিয়ার পশ্চিমাঞ্চল কামচাটকা উপদ্বীপে ১৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও সাত জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় জরুরি বিভাগ জানিয়েছে, ভিতিয়াজ-অ্যারো পরিচালিত এমআই-৮ হেলিকপ্টারটি কামচাটকার দক্ষিণে একটি লেকের কাছে বিধ্বস্ত হয় স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের দিকে। হেলিকপ্টারটিতে ১৩ জন আরোহীর সঙ্গে তিনজন ক্রু ছিলেন। তবে হেলিকপ্টারটি লেকের ওপরই আছড়ে পড়ে জানিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ বলছে, মস্কো ও পিটার্সবুর্গ থেকে পর্যটক নিয়ে যাচ্ছিল আকাশযানটি।

কামচাটকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারের দুই জন ক্রুসহ ৯ জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মস্কোর ৬ হাজার কিলোমিটার পূর্বে এবং আলাস্কার ২ হাজার কিলোমিটার পশ্চিমে অবস্থিত কামচাটকা উপদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে   পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। গত মাসেও কামচাটকায় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ২৮ জনের মৃত্যু হয়।