প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ...................... পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৩১

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভবন দুইটি উদ্বোধন করা হয়। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জগন্নাথপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাওর অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে।