গোমস্তাপুরে বজ্রপাতে ছাত্রসহ দুই জনের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৩২

গোমস্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে ছাত্রসহ নৃ-গোষ্ঠীর কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে মৃতরা হলেন বড়দাদপুর গ্রামের বাসিন্দা এমরান আলী খোকার ছেলে ইয়াশিন আলী (১৪) ও একই ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ঝাড়িয়া উঁড়াওয়ের ছেলে হূদয় উঁড়াও (৫২)। পার্বতীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার পর ঐ এলাকায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাবার জমিতে ঘাস নিড়ানোর অবস্থায় বড়দাদপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র ইয়াশিনের মৃত্যু হয়। শেরপুর কোঠাডাঙ্গা এলাকার হূদয় উঁড়াও একইভাবে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।