ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকচাপায় লিখন হোসেন (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাটগোপালপুরে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের জিল্লু মিয়ার ছেলে। সে হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। ঝিনাইদহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, স্কুলছাত্র লিখন হোসেন বাইসাইকেলযোগে বাজারে আসছিল। সিএনজি স্ট্যান্ড এলাকায় মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি রডবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, নাঙ্গলকোট-লাকসাম সড়কের মক্রবপুর শীলবাড়ি সংলগ্ন স্থানে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক স্কুলছাত্র মারা গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। নিহত মারুফ বিন মাহবুব রাফি (১৭) উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ শাহাজাহান সাজুর ছেলে। রাফি কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সকালে মোটরসাইকেলে করে নাঙ্গলকোট-লাকসাম সড়ক দিয়ে স্থানীয় মক্রবপুর বাজারে যাচ্ছিল। মক্রবপুর শীলবাড়ির কাছে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাফিকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
