সিরিজ শেষে ক্রিকেটাররা ছুটিতে গেছেন। বাংলাদেশ দলের বিদেশি কোচদের মধ্যে স্পিন কোচ রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কায় গিয়েছেন। বাকিরা ঢাকায় অলস সময় কাটাচ্ছেন। দিন দশেকের বিরতির পরই আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের প্রস্তুতি শুরু হবে, রাসেল ডমিঙ্গো-ওটিস গিবসনরা তাই স্বদেশে ফিরেননি।
গতকাল একান্ত আলাপে ডমিঙ্গো বলছিলেন, ‘ঢাকায় আছি এখন। নিউজিল্যান্ড সিরিজের পরই ছুটি মিলবে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১-এ সিরিজ জয়ের পরও আনুষ্ঠানিকভাবে সাক্ষাত্কার দিতে রাজি নন বাংলাদেশের হেড কোচ। এখন শুধু সংবাদ সম্মেলনেই কথা বলবেন তিনি।
গত বুধবার রাতে অবশ্য বিসিবি পরিচালক আকরাম খান, জাতীয় দলের তিন নির্বাচকদের সঙ্গে সিরিজ জয় ঘটা করেই উদ্যাপন করেছেন ডমিঙ্গো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্যে কেক কেটেছেন কোচ-নির্বাচকরা। সেখানে ক্ষণিকের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হন এ প্রোটিয়া কোচ।
পুরো সিরিজে ফ্লপ ওপেনার সৌম্য সরকারের পাশে দাঁড়িয়েছেন ডমিঙ্গো। পাঁচ ম্যাচে ২৮ রান করা সৌম্যকে সমর্থন করতে আহ্বান জানিয়েছেন। তবে বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের দলটা দেখে অবাক হয়েছেন তিনি। কারণ কিউইদের দলে বিশ্বকাপে খেলবেন, এমন কোনো ক্রিকেটারই নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর এবার নিউজিল্যান্ডকে হারানোর আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের কোচ।
নিউজিল্যান্ডের শীর্ষ ক্রিকেটাররা আইপিএল খেলবেন, তাই বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসবেন না। এমনকি বিশ্বকাপ দলের কাউকে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডের দারুণ কিছু খেলোয়াড় আছে। স্পষ্টতই কিছু খেলোয়াড় আইপিএল খেলতে যাচ্ছে। আমি অবাক যে দলটা তারা পাঠাচ্ছে। শুধু যাদের পাঠাচ্ছে এটা দেখে নয়, কিন্তু অবাক হচ্ছি তারা বিশ্বকাপে খেলবে, এমন কোনো খেলোয়াড় পাঠাচ্ছে না। কারণ এসব কন্ডিশন বিশ্বকাপ প্রস্তুতির জন্য ভালো।’
জিম্বাবুয়ে সফরে ভালো করলেও হোম কন্ডিশনে পুরোপুরি ব্যর্থ ছিলেন সৌম্য। পঞ্চম ও শেষ ম্যাচে বাধ্য হয়ে তাকে মিডল অর্ডারে পাঠানো হয়েছিল। ডমিঙ্গো অবশ্য সৌম্যকে সমর্থন দিতে প্রস্তুত। তিনি বলেছেন, ‘আপনি সব সময় রান পাবেন না। আমি জানি, মাত্র দুই ম্যাচ পরই মানুষ সৌম্যর সমালোচনা করছে। কিন্তু দুই ম্যাচ আগেই সে ম্যান অব দ্য সিরিজ ছিল। প্রতিদিন রান করা অসম্ভব। আমি আশা করি, আমরা খেলোয়াড়দের আরো সমর্থন করব। এক-দুই ম্যাচে রান না করায় আমি সবাইকে বাদ দিতে চাই না। আমি এভাবেই দেখছি বিষয়টা।’
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকেও হারাতে চান ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা এখন আত্মবিশ্বাসী, ঘরের মাঠে খেলছি। আমরা বিশ্বাস করি, আমরা এ কন্ডিশনে নিউজিল্যান্ডকেও হারাতে পারব। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে আমরা ভালো ক্রিকেট খেলছি।’
