ভ্রাম্যমাণ প্রতিনিধি
পশ্চিমের জেলাগুলোর সড়ক-মহাসড়কে এবার অবৈধ যান নাটা হাম্বার নামতে শুরু করেছে। স্থানীয় গ্যারেজে অগভীর নলকূপের ইঞ্জিন দিয়ে তৈরি অবৈধ ট্রাক নাটা হাম্বার চলাচল করছে। দিনে দিনে এ যানের সংখ্যা বাড়ছে। সে সাথে বাড়ছে দুর্ঘটনা।
বেশ কয়েক বছর আগে কুষ্টিয়ার জগতি এলাকায় স্থানীয় গ্যারেজে অগভীর নলকূপের ইঞ্জিন দিয়ে চার চাকার ছোট ট্রাক তৈরি শুরু হয়। নাম দেওয়া হয়েছিল টুনি ট্রাক। পরে নাম বদলে রাখা হয় নাটা হাম্বার।
ঝিনাইদহ জেলাতেই শ’খানেক নাটা হাম্বার চলছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলার সড়ক-মহাসড়কে নাটা হাম্বার চলতে দেখা যায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, কোনো অবৈধ যান চলাচল করতে দেওয়া হবে না। মহাসড়কে চলাচলকারী ত্রি হুইলারগুলো জব্দ করা হচ্ছে। নাটা হাম্বার চলাচলও বন্ধ করা হবে।
