টোকিও অলিম্পিকসে যুক্তরাষ্ট্রকে হারিয়ে জেতা স্বর্ণপদকটি দেখাতে মেয়রের হাতে দিয়েছিলেন জাপানের সফটবল খেলোয়াড় মিউ গোতো। সেই পদকে যে মেয়র কামড় দিয়ে বসবেন সেটা কে জানত! সাধারণত নিজের পদকে কামড় দিয়ে ছবি তুলতে দেখা যায় খেলোয়াড়দের। কিন্তু পদকটি পেয়ে নিজেকে সামলাতে পারেননি জাপানের নাগোয়া শহরের মেয়র তাকাশি কাওয়ামুরা। তিনি কামড় দেওয়ায় পদকটি আর গচ্ছিত রাখতে পারবেন না গোতো। অবশ্য এর পরিবর্তে তাকে নতুন আরেকটি স্বর্ণ পদক দিবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)।
নিজের এহেন কর্মকাণ্ডে সমালোচনার হাত থেকে রেহাই পাননি সেই মেয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে জার্ম মেডেল (জীবাণু পদক) নামে ট্রেন্ড হচ্ছিল। টুইটারে জাপানের রূপা জয়ী ফেন্সার ইউকি ওতা লেখেন, ‘অ্যাথলেটদের প্রতি সম্মান দেখানোর অভাবের কথা বাদই দিলাম, যেখানে সংক্রমণ প্রতিরোধের কথা ভেবে পদক অনুষ্ঠানে ক্রীড়াবিদ নিজেরাই নিজেদের পদক তুলে নিয়েছেন। তারপরও তিনি ঐ মেডেলে কামড় দিয়েছেন। দুঃখিত আমি এসব বুঝতে পারছি না।’
ঐ অনুষ্ঠানে করোনা স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ আনা হয়েছে কাওয়ামুরার ওপর। ঘটনাটি আলোচিত হওয়ার পর দুঃখ এবং ঐ পরিবর্তিত পদকের খরচ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ৭১ বছর বয়সি এই মেয়র বলেন, ‘নাগোয়ার মেয়র হিসেবে নিজের অবস্থান ভুলে গিয়েছিলাম আমি এবং খুবই অনুপযুক্তভাবে আচরণ করেছি।’
