এএফসি কাপ গ্রুপ পর্ব

মালদ্বীপে গ্রুপ-সেরা হওয়ার টার্গেট কিংসের

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৩৮

এএফসি কাপ ফুটবলে খেলতে গতকাল রাতেই মালদ্বীপের পথে রওনা হওয়ার কথা বসুন্ধরা কিংসের। কাতার হয়ে মালদ্বীপে পৌঁছাবে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা। এএফসি কাপে ডি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে অভিযানে নামবে দুবারের লিগ চ্যাম্পিয়ন দল। পুরো শক্তি নিয়ে মালদ্বীপে যাচ্ছে। জাতীয় দলের তিন ফুটবলার রিমন ইনজুরিতে, তৌহিদুল আলম সবুজের করোনা পজিটিভ এবং মতিন মিয়ার পাসপোর্টের মেয়াদ নেই। আগামী ১৮ আগস্ট বসুন্ধরার প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। ২১ আগস্ট দ্বিতীয় ম্যাচ। মালদ্বীপের ঈগলস ও ভারতের ব্যাঙ্গালুরুর এফসির বিপক্ষে প্লে-অফে জয়ী দলের সঙ্গে খেলবে বসুন্ধরা। ২৪ আগস্ট ভারতের মোহনবাগানের বিপক্ষে লড়াই। এই ম্যাচই হবে বসুন্ধরার জন্য কঠিন। কারণ উইনডো পেয়ে মোহানবাগান তাদের বেশ কিছু ফুটবলার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়েছে। দলে নিয়েছে ফিনল্যান্ড জাতীয় দলের খেলোয়াড়। দেশি ফুটবলার কিছু পরিবর্তন করেছে। মোহানবাগান এই সুযোগটা পেয়েছে এএফসি কাপ পিছিয়ে যাওয়ার কারণে। আগের বার এএফসি কাপ খেলা হয়নি কোভিডের প্রকোপ বেড়ে যাওয়ায়। বসুন্ধরা ব্যাগ গুছিয়ে বিমানবন্দরের পথে রওনা দেওয়ার মুহূর্তে এএফসি থেকে খবর আসে খেলা হবে না। খেলাটা পিছিয়ে গিয়ে এবার যখন হতে যাচ্ছে, তখন সুযোগমতো দলের শক্তিটা বাড়িয়ে নিয়েছে মোহনবাগান, যেখানে হয়তো একটু পিছিয়ে থাকতে পারে  বসুন্ধরা। দলের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন তাদের খেলোয়াড়দের মনোবল চাঙ্গা আছে। প্রতিপক্ষ শক্তিশালী হবে সেটা আমরা ধরে নিয়েই মাঠে নামব। আমরা গ্রুপ-সেরা হয়ে ফিরতে চাই।’ গ্রুপ চ্যাম্পিয়ন দল এএফসি কাপের পরবর্তী রাউন্ডে খেলবে। পরবর্তী রাউন্ডের টিকিট পেতে মরিয়া লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা।

এবারও করোনা আছে, তবে দলগুলোকে কোয়ারেনটাইনে থাকতে হবে না। কঠিন বায়োবাবলে থাকতে হবে। হোটেল থেকে বাইরে যাওয়া যাবে না। অনুশীলন মাঠ, ম্যাচের দিন স্টেডিয়াম। এর বাইরে গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এএফসি বলে দিয়েছে, এক রুমে এক জনের বেশি থাকতে পারবেন না। বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান বললেন, ‘এক রুমে এক জন নিয়ম করায় এখন ৫০টা রুম নিতে হয়েছে, খরচও বেড়ে গেছে।’

এবারের লিগে বসুন্ধরা চার ম্যাচ হাতে রেখে লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এটা অতীত ফুটবলে দেখা যায়নি। এক ম্যাচ দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হতে দেখেছেন। কিন্তু চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় করার ঘটনা খুঁজে পাওয়া গেল না। এক এএফসি কাপে খেলতে যাওয়ার আগেই পরবর্তী এএফসি কাপের টিকিট নিশ্চিত হয়ে আছে বসুন্ধরা কিংসের। এটিও আগে দেখা যায়নি।