যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৩৮

টানা দুটি আন্তর্জাতিক সিরিজ খেলেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সফরের পর দেশে ফিরেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছেন ক্রিকেটাররা। লম্বা সময় পর জৈব সুরক্ষা বলয় থেকে ছাড়া পেয়েছেন সবাই। সিরিজ শেষে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এখন ছুটিতে আছেন।

সবাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সতীর্থদের মতো সাকিবও ছুটি কাটাতে পরিবারের কাছে ফিরে গিয়েছেন। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। গতকাল বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে আবারও বাংলাদেশে ফিরবেন সাকিব। চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসবেন তিনি। হোম সিরিজের জন্য আগামী ২৪ আগস্ট জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা বাংলাদেশ দলের। একই দিনে ঢাকায় চলে আসবে অতিথি কিউইরা।

গত জুলাইয়ের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব। তারপর টানা দুটি দুর্দান্ত সিরিজ কাটিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফরে পারফর্ম করে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। সঙ্গে আইসিসির টি-২০ র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষস্থানে ফিরেছেন তিনি।